প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে প্রধানমন্ত্রী যেসব পরিকল্পনা করেছিলেন, সেগুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে প্রেস সচিব জানান, সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। গত বৃহস্পতিবার তিনি সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা উল্লেখ করেন।
সফর সম্পর্কে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অনেকগুলো দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক ছিল এবং বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ছিল মাত্র ২১ জন, যা একটি ইতিবাচক দিক বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১১:১৯:১৩ ২৯ বার পঠিত #কপ৩১ #জলবায়ু সম্মেলন #তারেক রহমান #পরিকল্পনা #প্রধানমন্ত্রী #সরকার #সালেহ শিবলী