যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে শহরের ব্যস্ত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন শ্বেতাঙ্গ পুরুষ হামলার পর কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে নিজেকে অবরুদ্ধ করেন। পুলিশের সঙ্গে আলোচনার সময় কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান এবং পরে কক্ষে প্রবেশ করে তাকে আটক করেন। জানা গেছে, ওই ব্যক্তি নিজেকেই গুলি করেছিলেন।
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন তিনি। নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল।
ঘটনাস্থলটি হোয়াইট হাউজ থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে অবস্থিত। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের কাছের কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয় এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়। হামলার পর এফবিআই ও সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন।
বাংলাদেশ সময়: ১১:১৮:৪৮ ২৮ বার পঠিত #ওয়াশিংটন ডিসি #গুলিবিদ্ধ #নিহত #বন্দুক হামলা #যুক্তরাষ্ট্র