গাজীপুরের শ্রীপুরে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে শ্রীপুর ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের ডান পাশের অনেকাংশ দগ্ধ হয়েছে। তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহের মাওনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শান্তনু রায় জানান, উদ্ধারকাজের সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:১৮:২২ ৩১ বার পঠিত #অপরাধ #গাজীপুর #ট্রান্সফরমার চুরি #বিদ্যুৎস্পৃষ্ট #শ্রীপুর