রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় অবস্থিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় খাবার খাওয়ার সিরিয়াল নিয়ে বাগ্বিতণ্ডার জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী।
রেস্তোরাঁর মালিক সাফিন বেগ জানান, একটি চেয়ার খালি হওয়া নিয়ে এক যুবকের সঙ্গে সিরিয়ালে থাকা একটি পরিবারের বাগ্বিতণ্ডা হয়। রেস্তোরাঁকর্মী বিষয়টি মিটমাট করতে চাইলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যান এবং পরে আরও কয়েকজনকে নিয়ে এসে রেস্তোরাঁয় হামলা চালান। এ সময় রেস্তোরাঁর আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ব্যবস্থাপককে লাঞ্ছিত করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সিরিয়াল নিয়ে ঝগড়া ও মারামারির একপর্যায়ে শিক্ষার্থীরা সহপাঠীদের ডেকে এনে ভাঙচুর চালায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেস্তোরাঁটি পুনরায় চালু করার জন্য মালিককে আশ্বস্ত করা হয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন থাকবে।
বাংলাদেশ সময়: ১৯:১৩:০৬ ২৭ বার পঠিত #তিতুমীর কলেজ #বনানী থানা #ভাঙচুর #মহাখালী #রাজধানী #রেস্তোরাঁ #হামলা