গ্রেপ্তার ২ লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি, আরও ৪২ লাখ দাবি

প্রথম পাতা » অপরাধ » গ্রেপ্তার ২ লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি, আরও ৪২ লাখ দাবি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় দালালদের দেওয়া মোবাইল নম্বরে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন ৭০ বছর বয়সী আবদুস সামাদ। কথা ছিল, টাকা পেলেই ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা নিয়েও কথা রাখেনি দালালেরা। উল্টো ছেলেকে উদ্ধারের আশ্বাস দিয়ে বাবার কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

সিআইডি জানায়, ভুক্তভোগী আবদুস সামাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামে। তাঁর ছেলে মো. সাইফুলের বয়স ৩৯ বছর। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান তিনি। কিন্তু সেখানে গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন।

তদন্ত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইলে কল আসে। ফোনে জানানো হয়, সাইফুল তাঁদের হেফাজতে আটক আছেন। তাঁকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাঁকে হত্যা করা হবে।

গত বছরের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠান পরিবারের সদস্যরা। টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি। এরপর সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন, কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আবদুস সামাদের সঙ্গে যোগাযোগ করে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক আছেন।

এ ঘটনায় প্রতারিত হওয়ার পাশাপাশি ছেলের জীবন নিয়ে শঙ্কিত আবদুস সামাদ গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়।

সিআইডি জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে মানব পাচারকারী চক্রের দুই সদস্য মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে সাইফুলকে লিবিয়ায় কোথায় আটক রাখা হয়েছে এবং তাঁকে উদ্ধারের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৭   ২০ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


খাবারের সিরিয়াল নিয়ে মহাখালীর রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর
গ্রেপ্তার ২ লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি, আরও ৪২ লাখ দাবি
গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
কক্সবাজারে সাংবাদিককে হুমকি ও কার্যালয় পোড়ানোর উসকানি: ছাত্রদল নেতা বহিষ্কার
ডেমরায় নিখোঁজের তিন দিন পর ১৩ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরে আবারও দুটি বাসে আগুন
নোয়াখালীতে নির্মাণাধীন ঘরের পাশে মাদ্রাসার ছাত্রীর লাশ
সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা
কক্সবাজারের গহিন পাহাড়ে অপহরণ ও মানবপাচার চক্রের আস্তানা

Law News24.com News Archive

আর্কাইভ