স্তন ক্যানসারের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি জানান, ক্যানসার চিকিৎসায় মলিকুলার বায়োলজির কৌশলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার পরিপ্রেক্ষিতে সরকার জাতীয় পর্যায়ে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে কাজ শুরু হয়েছে। পাশাপাশি নতুন ক্যানসার ইনস্টিটিউট স্থাপন, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং দেশে-বিদেশে ক্যানসার বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজ এই সম্মেলনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী জানান, দেশের বিভাগীয় পর্যায়ের ১০টি শহরে ক্যানসার চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলোকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলে আশপাশের জেলা হাসপাতালগুলোর সঙ্গে যুক্ত করা হবে, যাতে রোগীরা নিজ নিজ এলাকায় প্রাথমিক সেবা ও পরামর্শ পেতে পারেন। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামসহ কয়েকটি বড় শহরে ক্যানসারের বিশেষায়িত সেবা সীমিত থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। এই পরিস্থিতি পরিবর্তনে সরকার ক্যানসার চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে স্তন ক্যানসার নিয়ে গবেষণার তথ্য তুলে ধরে এম এ মুহিত বলেন, অর্ধেকের বেশি রোগী দেরিতে হাসপাতালে আসেন। এর মধ্যে ২২ শতাংশ দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে এবং ৩১ শতাংশ চতুর্থ পর্যায়ে চিকিৎসা নিতে আসেন। রোগ শনাক্তে এই বিলম্ব চিকিৎসার ফলাফলের ওপর প্রভাব ফেলে। তিনি জানান, গবেষণায় ৩৪ শতাংশ রোগীর ক্ষেত্রে রোগ ফিরে আসা বা শরীরের অন্য স্থানে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, ক্যানসার চিকিৎসার বিকেন্দ্রীকরণের পাশাপাশি ই-হেলথ কার্ড বা ই-হেলথ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা সম্ভব হবে, যা ভবিষ্যতে একটি মানসম্মত জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। এছাড়া স্তন ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৫ ২০ বার পঠিত #এম এ মুহিত #ক্যানসার #চিকিৎসাসেবা #স্তন ক্যানসার #স্বাস্থ্য #স্বাস্থ্য মন্ত্রণালয়