কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে অবস্থিত কক্স অ্যাম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের কক্ষে ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থানরত অর্ধশতাধিক পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ মোর্শেদ হোসেন জানান, হোটেলটির একটি কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কক্সবাজার শহরের হোটেলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের ৯০ শতাংশেই অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই।
বাংলাদেশ সময়: ১১:১৭:১৯ ২৬ বার পঠিত #অগ্নিকাণ্ড #কক্সবাজার #নিরাপত্তা #পর্যটন #ফায়ার সার্ভিস #হোটেল