
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের প্রায় ৩৫ হাজার নাগরিক। নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতা ও বিভিন্ন প্রশাসনিক কারণে এসব নাগরিকের এনআইডি লক হয়ে রয়েছে। ফলে সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন ও পাসপোর্ট নবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধন, আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদনের মতো বিভিন্ন কারণে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। কর্মকর্তারা জানান, একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধনের কারণে যাদের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র সচল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট ব্যক্তির সব তথ্য পর্যালোচনা করা হচ্ছে। লক হওয়া পরিচয়পত্রের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রতিটির সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে যেসব নাগরিক ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, এনআইডি আনলক করাতে বর্তমানে নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হচ্ছে। এতে ঢাকার বাইরে বসবাসকারীদের ভোগান্তি আরও বাড়ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায়ের নির্বাচন অফিস থেকেই এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৬:২২:৩১ ২৪ বার পঠিত #ইসি #এনআইডি #জাতীয় পরিচয়পত্র #নির্বাচন কমিশন #ভোগান্তি