আমে রাসায়নিক বা ফরমালিন মেশালে কঠোর ব্যবস্থা চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রথম পাতা » সারাদেশ » আমে রাসায়নিক বা ফরমালিন মেশালে কঠোর ব্যবস্থা চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
বুধবার, ১৩ মে ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। বুধবার (১৩ মে) সকালে শহরের মহলদার আম্রকানন বাগানে গাছ থেকে আম পেড়ে আম সংগ্রহ মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উদ্বোধনের আগে জেলা প্রশাসক বাগান পরিদর্শন করেন এবং আমের গুণগত মান, পরিপক্বতা ও রাসায়নিকমুক্ত আম বাজারজাত নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা আম ব্যবসায়ী ও আম বাগান মালিক সমিতি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এ বছর জেলায় প্রায় ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত আম সংগ্রহ ক্যালেন্ডার অনুযায়ী ১৩ মে থেকে আটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ২০ মে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন,

“ফলের রাজা আম। কোনো বাগান মালিক যাতে অপরিপক্ব আম সংগ্রহ না করেন, সে বিষয়ে কৃষি বিভাগ কঠোর নজরদারি করবে। নিরাপদ, পরিপক্ব ও রাসায়নিকমুক্ত আম বাজারে সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। আশা করছি, এ মৌসুমে জেলার উৎপাদিত আম দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধন শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন,

“নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডারের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন,“আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন মেশানোর প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে।”

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, আম চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহ-সভাপতি আব্দুল করিমসহ স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:০৩   ১৫৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার
উলিপুরে মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জন আটক
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত

Law News24.com News Archive

আর্কাইভ