জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালত এই রায় ঘোষণা করেন।
রায়ে সিয়ামকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। এছাড়া তার নামে থাকা ৩১ লাখ ৮১ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি জানান, আসামির বয়স বিবেচনায় আদালত এই সাজা প্রদান করেছেন। রায় ঘোষণার সময় সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সিয়াম ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন বলে অভিযোগ ওঠে। তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। গত ২০ জানুয়ারি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলীর ছেলে সিয়ামকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩:২৩:৪২ ১১ বার পঠিত #আদালত #কারাদণ্ড #দুদক #দুর্নীতি #পিএসসি #সৈয়দ আবেদ আলী #সৈয়দ সোহানুর রহমান সিয়াম