বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫ প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা চার লাখের বেশি কমেছে। ২০২৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ৭৮ লাখ ৪৭ হাজার ৫৪৬ জন, যা ২০২৫ সালে কমে ৭৪ লাখ ৩৯ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে স্কুল অ্যান্ড কলেজগুলোতেও মাধ্যমিক স্তরে শিক্ষার্থী কমেছে। সব মিলিয়ে মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থী ৯০ লাখ ৬৩ হাজার থেকে কমে ৮৬ লাখ ৩৮ হাজারে নেমে এসেছে।
গত বছরের এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির কারণ অনুসন্ধানের চেষ্টা করেছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১ হাজার ৩৫০ জন অনুপস্থিত পরীক্ষার্থীর তথ্য সংগ্রহ করে বোর্ড জানতে পারে, এসব পরীক্ষার্থীর প্রায় ৪১ শতাংশের (৫৪৯) বিয়ে হয়ে গেছে। এদের ৯৭ শতাংশই ছাত্রী।
ব্যানবেইসের তথ্যমতে, শিক্ষার্থী কমার এই প্রবণতার বিপরীতে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে মাদ্রাসার সংখ্যা ৯ হাজার ২৯৬টিতে উন্নীত হয়েছে এবং শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজারের বেশি। ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষার্থী বেড়েছে ৫৯৫ জন। তবে স্বতন্ত্র কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী কমে ৬ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান জানান, শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে করোনার পর শিখন ঘাটতি, শিশুশ্রম, বাল্যবিবাহ এবং শিক্ষাক্রমের প্রভাব থাকতে পারে। তবে এই পরিস্থিতির সঠিক কারণ নির্ণয়ে নিবিড় গবেষণার প্রয়োজন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৩১:৪০ ১৩ বার পঠিত #পরিসংখ্যান #ব্যানবেইস #মাদ্রাসা #মাধ্যমিক শিক্ষা #শিক্ষা #শিক্ষার্থী