বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে রাঙ্গামাটি এপিবিএন-এ সংযুক্ত রাকিবুলকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন যা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরবর্তীতে রিমান্ড আবেদন করা হতে পারে। গত ২৫ নভেম্বর চট্টগ্রাম জেলা গোয়েন্দা কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান ও হামলার ঘটনায় মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় দায়ের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রাকিবুল ১৬৮ নম্বর আসামি।
বাংলাদেশ সময়: ৯:১৯:২৭ ১৬ বার পঠিত #আদালত #কারাগার #ডিএমপি #বিএনপি #মকবুল হত্যা #মামলা #রাকিবুল হাসান