ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দি গ্রামে নিখোঁজের ছয় দিন পর মো. সাইদুল ইসলাম (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইদুল ওই গ্রামের মুন্সিবাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
খবর পেয়ে সেপটিক ট্যাংক থেকে সন্ধ্যার দিকে আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পেছন থেকে ওই শিশুর দুই হাত বাঁধা, মুখে স্কচটেপ লাগানো ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর বিকেলে দোকান থেকে শিঙাড়া কিনে আনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সাইদুল আর ফেরেনি। বৃহস্পতিবার বাড়ির মালিক ফরিদা বেগম টয়লেট থেকে বের হওয়ার সময় দুর্গন্ধ পেয়ে সেপটিক ট্যাংকটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম পরনের কাপড় দেখে মরদেহটি সাইদুলের বলে শনাক্ত করেন। বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বাংলাদেশ সময়: ৯:১৯:৫৭ ১৪ বার পঠিত #অপরাধ #বাঞ্ছারামপুর #ব্রাহ্মণবাড়িয়া #লাশ উদ্ধার #শিশু হত্যা #সেপটিক ট্যাংক