বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে হিসাব বিবরণী পাঠানো হলেও তা এখনো শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদিত হয়নি। ফলে অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠাতে পারছে না মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার মাউশি থেকে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র পাঠানো হয়। তবে শিক্ষামন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের ব্যস্ততার কারণে ফাইলটি অনুমোদনে বিলম্ব হচ্ছে।
অন্যদিকে, বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন বা গেজেট জারি না হওয়া পর্যন্ত অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে কোনো চিঠি পাঠানো হবে না। মাদ্রাসা অধিদপ্তর থেকে প্রায় দুই হাজার কোটি টাকার হিসাব বিবরণী মন্ত্রণালয়ে জমা দেওয়া হলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব এখনো পাওয়া যায়নি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, উভয় বিভাগের হিসাব পাওয়ার পর তা একত্রে অর্থ বিভাগে পাঠানো হবে। তবে গেজেট জারি না হওয়া পর্যন্ত নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত নয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২:১০:৪৫ ৮ বার পঠিত #এমপিওভুক্ত শিক্ষক #পে-স্কেল #বেতন-ভাতা #মাউশি #মাদ্রাসা শিক্ষা #শিক্ষা মন্ত্রণালয়