বন্যা ও পাহাড়ি ঢলে দুর্গত মানুষের জীবন বাঁচাতে শেরপুর জেলার জন্য বরাদ্দ দেওয়া দুটি আধুনিক রেসকিউ বোট (উদ্ধারকারী নৌযান) দীর্ঘ সাড়ে চার বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ২০২২ সালের ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গজনী-১ ও গজনী-২ নামের বোট দুটি বরাদ্দ দেওয়া হয়, যার পেছনে ব্যয় হয়েছে ১ কোটি ৮০ লাখ টাকা। প্রতিটি বোটের দৈর্ঘ্য ৫৪ ফুট, প্রস্থ সাড়ে ১২ ফুট এবং যাত্রী ধারণক্ষমতা ৮০ জন।
বর্তমানে বোট দুটি শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর মোহনায় অরক্ষিত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় বোট দুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে এবং মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে। একটি বোটের কিছু অংশ তীরে ও কিছু অংশ পানিতে ভাসমান থাকলেও অন্যটি প্রায় ডুবে গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর বোট দুটি পরিচালনার জন্য কোনো তহবিল বা জ্বালানি বরাদ্দ নেই। বেতন না পাওয়ায় দুই চালকও দায়িত্ব ছেড়ে চলে গেছেন। বোট দুটি সচল করার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সংস্কার করে সেগুলো পুনরায় কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বোট দুটি সচল থাকলে বন্যার সময় অসুস্থ মানুষ, শিশু ও বয়স্কদের উদ্ধার করে শহরে নেওয়া সহজ হতো, যা এখন মানুষের কোনো কাজেই আসছে না।
বাংলাদেশ সময়: ১১:৩৬:২৪ ১২ বার পঠিত #ত্রাণ ও পুনর্বাসন #দুর্যোগ ব্যবস্থাপনা #বন্যা #রেসকিউ বোট #শেরপুর