রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে এই অভিযোগপত্র দাখিল করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ সংবাদ সম্মেলনে জানান, টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে আসামিরা গণপতির বাড়িতে প্রবেশ করেন। বাড়ির ছাদে তাদের দেখে ফেলায় বাধা পেয়ে প্রথমে গণপতি চক্রবর্তীকে এবং পরে পরিবারের অন্য তিন সদস্যকে হত্যা করা হয়। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী জানান, ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতে আসামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। মামলায় ৫৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
তবে পুলিশের এই ব্যাখ্যা ও অভিযোগপত্র মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন,
টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি, দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২:১৫:০০ ৬ বার পঠিত #অপরাধ #অভিযোগপত্র #আদালত #রংপুর #হত্যা মামলা