বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক এই আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। সাঈদ খোকন এই মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪৩ ৩ বার পঠিত #আদালত #ডিএসসিসি #বৈষম্যবিরোধী আন্দোলন #মামলা #রিমান্ড #সাঈদ খোকন