
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আসামিপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট সাথী শাহা জামিন প্রার্থনা করেন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এর আগে গত ১৯ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩৫ ৯ বার পঠিত #আদালত #জামিন নামঞ্জুর #ঢাকা #নুরুল ইসলাম নাহিদ #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #হত্যা মামলা