
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. খালিদুর আশিক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ২২ নভেম্বর রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর রাতে মিরপুর-১ ছাপারখানা মোড়ে রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসের ভেতরের সিট, ফ্যান ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরস্পর যোগসাজশে বাসটিতে অগ্নিসংযোগ করে যাত্রীদের হত্যা ও গুরুতর আহত করার চেষ্টা করেন এবং সরকারবিরোধী স্লোগান ও সমাবেশের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করেন।
বাংলাদেশ সময়: ২২:৫৮:৩০ ১৬ বার পঠিত #আদালত #গ্রেফতার #নাশকতা #মিরপুর #যুব মহিলা লীগ #সন্ত্রাসবিরোধী আইন