
রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে আংশিক চার্জ শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে আসামিপক্ষের আইনজীবীরা এই শুনানি করেন। শুনানি শেষ না হওয়ায় আদালত আগামী ১০ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সুমন হোসাইনসহ অন্য আইনজীবীরা দাবি করেন, আসামিরা পরিস্থিতির শিকার এবং তাদের মিথ্যাভাবে এ মামলায় জড়ানো হয়েছে। রাষ্ট্রপক্ষ এই আবেদনের বিরোধিতা করে। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ আগস্ট নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিদের ধরতে গিয়ে পুলিশ আনিসুল হক ও সালমান এফ রহমানকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়, যার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। এ ঘটনায় ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর এসআই নুরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন এবং জুলাই আন্দোলনকে কেন্দ্র করে করা বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩১:২৭ ২৫ বার পঠিত #আদালত #আনিসুল হক #কোতোয়ালি থানা #চার্জ শুনানি #বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন #সালমান এফ রহমান