
২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিতে হবে। বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রীদের টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও হজ পোর্টাল থেকে ডাউনলোড করা ই-হেলথ প্রোফাইলের প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে। মন্ত্রণালয়ের প্রকাশিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪ জেলার সিভিল সার্জন কার্যালয় রয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকে টিকাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। টিকা গ্রহণের সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হজযাত্রীরা হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন। টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট mora.gov.bd এবং হজ পোর্টাল hajj.gov.bd থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯:১০:৪২ ২৬ বার পঠিত #টিকা #ধর্ম মন্ত্রণালয় #স্বাস্থ্য #হজ #হজযাত্রী