মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে হরমুজ প্রণালিতে একের পর এক বিপত্তির খবর পাওয়া যাচ্ছে। ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এছাড়া প্রণালির পূর্ব দিকে নৌমাইনে আঘাতে তিনটি জাহাজে আগুন ধরে গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের সাদা প্রদেশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করেছে। জোটের মুখপাত্রের অভিযোগ, হুতিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর জন্য এই ব্যবস্থা ব্যবহার করেছিল। এছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে জোট।
এদিকে ওমানের খাসাব শহরের উত্তরে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে বলে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, এ ঘটনায় কেউ হতাহত হননি এবং জাহাজের সব নাবিক নিরাপদে আছেন।
অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো ইরানের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল এবং তাদের নৌ-চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাও বন্ধ ছিল। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা আবশ্যক।
পাশাপাশি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে এবং এর জবাবে ইরানি বাহিনী ওই অঞ্চলের দুটি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
বাংলাদেশ সময়: ১৯:১৫:০২ ২৫ বার পঠিত #আন্তর্জাতিক সংবাদ #ইয়েমেন #ইরান #তেলবাহী জাহাজ #মধ্যপ্রাচ্য #সৌদি আরব #হরমুজ প্রণালি