রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো অভিযান গণহত্যা ছিল কি না, সেই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এ রায় ঘোষণা করা হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) দ্য হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এ ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় করা এ মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের পরিচালক আন্তোনিয়া মালভে বলেন, মিয়ানমার গণহত্যার জন্য দায়ী—আদালতের কাছ থেকে এমন স্বীকৃতি চান ভুক্তভোগীরা। একই সঙ্গে নিজেদের জমি ও সম্পত্তি ফেরত, ক্ষতিপূরণ, পরিবারের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং মিয়ানমারের নাগরিকত্ব ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন তারা। গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশনাও চেয়েছে।
বর্তমানে কক্সবাজারে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার কাছে এ রায় বিশেষ গুরুত্ব বহন করছে। দীর্ঘদিনের নির্যাতন, বাস্তুচ্যুতি ও অধিকারহীনতার অবসানে আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের প্রভাব গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলাতেও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তোনিয়া মালভে বলেন, এই মামলার রায় ভবিষ্যতে অন্যান্য মামলার ওপরও প্রভাব ফেলতে পারে। দক্ষিণ আফ্রিকা বনাম ইসরাইল মামলাও এর বাইরে নয়। তবে সেই প্রভাব কীভাবে পড়বে, তা রায় ঘোষণার পরই স্পষ্ট হবে।
আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত জটিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায় প্রতিষ্ঠার ঘটনা খুব বেশি নেই। ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যা এবং ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যার ঘটনা আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ নজির হয়ে আছে। সর্বশেষ ২০১৫ সালে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলাটি খারিজ করে দেয় আন্তর্জাতিক বিচার আদালত।
বাংলাদেশ সময়: ২১:২৭:২৫ ২১ বার পঠিত #আইসিজে #আন্তর্জাতিক আদালত #গণহত্যা #গাম্বিয়া #মিয়ানমার #রোহিঙ্গা #রোহিঙ্গা সংকট