বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও সংক্ষিপ্ত করতে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন নিয়মে ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে এই নতুন শ্রেণিবিন্যাস অনুযায়ী ভিসা দেওয়া শুরু হতে পারে।
গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদ করছে। ভারত সরকার জানিয়েছে, উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মান পর্যালোচনা করে একই ধরনের ভ্রমণ উদ্দেশ্যগুলোকে একটি শ্রেণির আওতায় এনে আবেদন প্রক্রিয়া সহজ করাই এর মূল লক্ষ্য।
নতুন ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো:
- ভিজিটর ভিসা: ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ভিজিটর ভিসা করা হয়েছে, যা ভ্রমণের উদ্দেশ্য ও সময়কাল অনুযায়ী ভি-১ ও ভি-২ উপশ্রেণিতে বিভক্ত।
- চিকিৎসা ভিসা: প্রচলিত চিকিৎসাপদ্ধতির জন্য এম-১ এবং আয়ুষ পদ্ধতির জন্য এম-৩ ভিসা নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের ভিসা সাধারণত এক বছরের জন্য একাধিকবার প্রবেশের সুযোগসহ দেওয়া হবে।
- শিক্ষার্থী ভিসা: এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এবং এস-২ ভিসার আওতায় পিএইচডি, গবেষক, অতিথি শিক্ষক, ইন্টার্ন ও বিনিময় কর্মসূচির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- ব্যবসায়িক ভিসা: দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসার জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম, সম্মেলন, খেলাধুলা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজের জন্য বি-২ ভিসা দেওয়া হবে।
বর্তমানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় বিশ্বের ১৭২টি দেশের নাগরিকরা ই-ভিসা সুবিধা পাচ্ছেন। নতুন এই পরিবর্তনের ফলে ভিসার ধরন ও উপশ্রেণি কমে আসায় আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে ভারত সরকার।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪৪ ১৩ বার পঠিত #আন্তর্জাতিক #ভারত #ভিসা #ভিসা নীতি #ভ্রমণ