সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া কারাগার থেকে আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন।
লুনা বলেন, একজন এ ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন— এমন পরিস্থিতিতেও তাকে হাতকড়া পরানো হয়নি। বিষয়টি তাকে মর্মাহত করেছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জবাবে বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না। তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়ার ক্ষেত্রে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। আইনমন্ত্রী আরও জানান, সরকার কোনো ফরমায়েশি রায় চায় না এবং ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন ও জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ০:১৯:২৯ ২১ বার পঠিত #আইনমন্ত্রী #আদালত #জাতীয় সংসদ #জিয়াউল আহসান #তাহসিনা রুশদীর লুনা #রাজনীতি