দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়াতে ৯টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৯টি মাইক্রোবাস কেনা হয়েছে। এতে রেজিস্ট্রেশন ব্যয়সহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।
এই ৯টি মাইক্রোবাসের মধ্যে ৬টি চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে ২টি এবং সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মাইক্রোবাস হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনের পর আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩২:১২ ১৮ বার পঠিত #আইন মন্ত্রণালয় #আদালত #বিচার বিভাগ #মাইক্রোবাস বিতরণ #মো. আসাদুজ্জামান