সরকার পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রোববার (১৫ নভেম্বর) জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১০:২১ ১৯ বার পঠিত #ডিএমপি #পুলিশ #প্রজ্ঞাপন #বদলি #স্বরাষ্ট্র মন্ত্রণালয়