
রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. ইখতিয়ার হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে মামলার ঘটনায় আসামির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। আসামিপক্ষের আইনজীবী অমিত দেওয়ান জানান, জামিনের আবেদন করা হলেও আদালত শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের নুরজাহান রোডের নিজ বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি দল তাকে গ্রেপ্তার করে। গত ১১ নভেম্বর ভুক্তভোগী এক নারী সোহেল রানার বিরুদ্ধে মামলাটি করেন। এজাহারে অভিযোগ করা হয়, চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ভুক্তভোগীকে আস্তানায় ডেকে নিয়ে চোখ-মুখ বেঁধে একাধিকবার ধর্ষণ করেন সোহেল রানা। এ সময় ভিডিও ধারণের ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয়। গত ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবিরের কথা বলে আবারও ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১৫:৩২ ২৪ বার পঠিত #আদালত #গ্রেপ্তার #ধর্ষণ #নারী ও শিশু নির্যাতন #মোহাম্মদপুর #সোহেল রানা