ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চারটি অঞ্চলে চার রঙের ই-রিকশা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অঞ্চলভেদে এসব রিকশার রং হবে সবুজ, নীল, বেগুনি ও কমলা। গত ৩ নভেম্বর থেকে নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয়ে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে এবং রোববার বিকেল পর্যন্ত ২৯ হাজার ফরম বিক্রি হয়েছে।
ফরম কিনলেই নিবন্ধন পাওয়া যাবে না; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নিরাপত্তার মানসহ বিধিমালার শর্ত পূরণ করতে হবে।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, ইতিমধ্যে ১১টি প্রতিষ্ঠানের ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। বিদ্যমান ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দিয়ে নিবন্ধিত ই-রিকশা নামানোর কার্যক্রম চলছে। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে। এই বিধিমালা অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। নিবন্ধিত ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার এবং জনাকীর্ণ এলাকায় তা ১৫ কিলোমিটারের বেশি হবে না।
বাংলাদেশ সময়: ১:২৫:৩১ ২২ বার পঠিত #ই-রিকশা #ডিএসসিসি #ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন #নিবন্ধন #পরিবহন #ব্যাটারিচালিত রিকশা