ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ২ হাজার কিলোমিটার পাল্লার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। নতুন এই ক্ষেপণাস্ত্রটি ফাত্তাহ ও খাইবারশেকান-২ প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রটিতে ফাত্তাহর ম্যানুভারযোগ্য ওয়ারহেডের সঙ্গে খাইবারশেকান-২-এর কাঠামো ও ইঞ্জিন যুক্ত করা হয়েছে, যা এর পাল্লা ১ হাজার ৪০০ কিলোমিটার থেকে বাড়িয়ে ২ হাজার কিলোমিটারে উন্নীত করেছে।
ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের অন্যতম আলোচিত বৈশিষ্ট্য হলো এর ম্যানুভারযোগ্য ওয়ারহেড। দাবি করা হয়, উড্ডয়নের শেষ পর্যায়ে এটি গতিপথ পরিবর্তন করতে পারে এবং হাইপারসনিক গতিতে চলতে সক্ষম।
এই ক্ষেপণাস্ত্রের ২ হাজার কিলোমিটার পাল্লার কারণে ইসরায়েলের পুরো ভূখণ্ড এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো এর আওতায় আসতে পারে। বিশ্লেষকদের ধারণা, নতুন এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ডেভিডস স্লিং ও অ্যারো এবং যুক্তরাষ্ট্রের থাডের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন এবং ভূগর্ভস্থ স্থাপনায় ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রমকে দেশটির সামরিক সক্ষমতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন ক্ষেপণাস্ত্রটির প্রকৃত কার্যক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ২৩:৩২:৪৭ ১৪ বার পঠিত #আইআরজিসি #আন্তর্জাতিক #ইরান #ক্ষেপণাস্ত্র #ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র #সামরিক সক্ষমতা