জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি এ ধরনের দাবিকে উদ্ভট বলে প্রত্যাখ্যান করেছেন।
বাংলাদেশে ডি নোভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নেই। যে সরকার অ্যাডভাইস করছে এখন, সেই ভারত এই মামলার ট্রায়াল প্রসিডিংয়ের শুরু থেকেই সবকিছু জানে। তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে আসামি আছেন। তখন তারা তাদের এই অতিথিকে কেন অ্যাডভাইস করল না যে বাংলাদেশে গিয়ে তিনি বিচার মোকাবিলা করুক। অথবা কেন বলল না যে যথাসময়ে গিয়ে তিনি আপিল করুক। তা না করে আপিলের সময় পার করল। বিচারের সময় পার করল। এখন এসে আবার বাংলাদেশকে ডি নোভো ট্রায়ালের, অর্থাৎ পুনর্বিচারের অ্যাডভাইস করছে। এসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এবং আইন অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আরও বলেন, আপিলের সুযোগ সরকার বা ট্রাইব্যুনাল কেউই দিতে পারবে না, কারণ এটি আওয়ামী লীগ সরকারের প্রণীত আইন এবং রুলস অব প্রসিডিউর অনুযায়ী পরিচালিত। আইনে পুনর্বিচারের কোনো বিধান না থাকায় এ বিষয়ে অন্য কোনো দেশের পরামর্শ আমলে নেওয়ার সুযোগ নেই বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:১৮ ১৪ বার পঠিত #আইন #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #আমিনুল ইসলাম #জুলাই গণ-অভ্যুত্থান #পুনর্বিচার #শেখ হাসিনা