জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান ও আব্দুর রাজ্জাকসহ মোট ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগে মিরপুর ও উত্তরাসহ সারাদেশে হত্যা, হত্যাচেষ্টা, উসকানি ও ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা শীর্ষ নেতৃত্বের দায় আরোপ করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, আসামিদের পরিকল্পনায় ছাত্র-জনতার ওপর পদ্ধতিগতভাবে আক্রমণ ও নির্যাতন চালানো হয়েছিল।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম জানান, দ্রুতই অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। মামলায় ৬ জন আসামি বর্তমানে গ্রেফতার রয়েছেন এবং মির্জা আজম পলাতক। গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয়, যা যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে দাখিল করা হলো। এর আগে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুর রাজ্জাক ও ডা. দীপু মনির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪:১৮:২২ ৯ বার পঠিত #আদালত সংবাদ #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #আমির হোসেন আমু #জুলাই গণ-অভ্যুত্থান #দীপু মনি #মানবতাবিরোধী অপরাধ #শাজাহান খান