চীনে হ্যালোইন উৎসব এখন কেবল আনন্দ-উদ্যাপনের উপলক্ষ নয়, বরং তরুণদের কাছে এটি অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও সরকারি নীতি নিয়ে ব্যঙ্গাত্মকভাবে ভিন্নমত প্রকাশের একটি অনানুষ্ঠানিক মাধ্যম হয়ে উঠেছে। গত ৩১ অক্টোবর হ্যালোইন উদ্যাপনকে কেন্দ্র করে বেইজিং, সাংহাই ও হাংজুসহ বিভিন্ন শহরে কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বিভিন্ন স্থানে পুলিশি নজরদারি বাড়ানো, ব্যারিকেড বসানো এবং হ্যালোইনের পোশাক পরার ওপর বিধিনিষেধ আরোপের খবর পাওয়া গেছে।
সাংহাইয়ের ফুসিং পার্ক কর্তৃপক্ষ ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আলোকসজ্জার সরঞ্জাম রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে রাতের কিছু আয়োজন বন্ধ রাখে।
বেইজিংয়ের দুটি নৈশ ক্লাব গ্রাহকদের হ্যালোইন-সংশ্লিষ্ট পোশাক, কসপ্লে, মেকআপ ও মুখোশ পরে প্রবেশ না করার নির্দেশনা দেয়। হাংজুতে জাপানি সুপারহিরো চরিত্র আলট্রাম্যান টিগার পোশাক পরা এক ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া বেইজিংয়ে রয়টার্সের এক সাংবাদিককে রাস্তায় সাক্ষাৎকার নেওয়ার সময় পুলিশ বাধা দেয় এবং সম্ভাব্য সাক্ষাৎকারদাতাদের বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়। তরুণরা তাদের পোশাকে বেকারত্ব, করপোরেট সংস্কৃতি ও শেয়ারবাজারের দরপতন নিয়ে ব্যঙ্গাত্মক সাজে হাজির হন। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা ২০২৪ সালেও অব্যাহত রয়েছে, যেখানে পুলিশ অনেককে মেকআপ তুলে ফেলতে ও ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য করেছে বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৫ ১৩ বার পঠিত #অর্থনৈতিক সংকট #চীন #তরুণ প্রজন্ম #নিরাপত্তা #প্রতিবাদ #হ্যালোইন