
যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের দেশ থেকে বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম কার্যকর হলে আপিলের সব আইনি সুযোগ শেষ হওয়ার পর আগাম নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কার করতে পারবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ ছয় মাস সময় পাবে। বর্তমানে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়া হয়। সরকারের মন্ত্রীদের ধারণা, এই নোটিশের সুযোগ নিয়ে অনেকেই শেষ মুহূর্তে আপিল করেন, যা বহিষ্কার প্রক্রিয়া বিলম্বিত করে। প্রস্তাবিত এ উদ্যোগের সমালোচনা করেছে শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা রিফিউজি কাউন্সিল। সংস্থাটির পরিচালক ইমরান হুসেইন বলেন, অল্প সময়ের নোটিশে মানুষকে বহিষ্কার করা হলে তাদের মধ্যে অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হবে। তিনি আরও বলেন, জোরপূর্বক প্রত্যাবাসনের চেয়ে স্বেচ্ছায় দেশে ফেরার ব্যবস্থা অনেক বেশি কার্যকর। বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে এ পরিবর্তন আনতে যাচ্ছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। নতুন নিয়ম কার্যকর হলে অতিরিক্ত কতজনকে বহিষ্কার করা সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে একই ধরনের নীতি চালুর পর ডেনমার্কে বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার উদাহরণ তুলে ধরেছে তারা। যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী আনা টারলি বলেন, যেসব অভিবাসীর আপিল করার অধিকার শেষ হয়ে গেছে, তাদের দ্রুত বহিষ্কার নিশ্চিত করা হচ্ছে। বৈধ বহিষ্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সুযোগ আর দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৯:০২:০৬ ২৩ বার পঠিত #অভিবাসন #আশ্রয় আবেদন #বহিষ্কার #যুক্তরাজ্য #স্বরাষ্ট্র মন্ত্রণালয়