
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল ও নাশকতার অভিযোগে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পুলিশের আবেদনে দাবি করা হয়েছে, গত ৭ আগস্ট রাতে বনানী থানার সামনে মশাল মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা করা হয়। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয় এবং ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো ফেসমাস্ক জব্দ করা হয়। তদন্ত কর্মকর্তার দাবি, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান বোমা তৈরিতে অর্থ সরবরাহ ও সংগঠকের ভূমিকা পালন করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে হিরুকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। হিরু নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:০৭:২৯ ২৬ বার পঠিত #আদালত #কারাগার #গ্রেফতার #নজরুল ইসলাম হিরু #বনানী থানা #মশাল মিছিল #সন্ত্রাসবিরোধী আইন