ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম রাজধানীর মাতুয়াইলে প্রায় দেড় একর জমিতে নতুন একটি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন। বুধবার রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাঠটির নির্মাণকাজ শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে এবং তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই মাঠ ব্যবহারের সুযোগ পাবেন।
পাশাপাশি আজ উদ্বোধন করা কলেজের নিজস্ব মাঠে আলোকসজ্জা ও নেটের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার ডিএসসিসির উদ্যোগে শিক্ষার্থীদের বিনা মূল্যে লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও আহসান মঞ্জিলসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, পরিষ্কার ও দখলমুক্ত করার উদ্যোগের কথা জানিয়ে প্রশাসক বলেন, নাগরিকদের খাল পারাপারের জন্য সিটি করপোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় কালভার্ট নির্মাণ করে দেবে। তিনি খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে সিটি করপোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবী উল্লাহ নবী এবং কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:১৭:৫১ ১৮ বার পঠিত #খেলার মাঠ #ডিএসসিসি #ডেমরা #ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন #মাতুয়াইল #মো. আবদুস সালাম #শিক্ষা