
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের একটি প্রীতি ম্যাচ নিয়ে ফুটবল বিশ্বে গুঞ্জন শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১৯ জানুয়ারি বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। দুই ক্লাবের মধ্যে ম্যাচটি আয়োজনের বিষয়ে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে আর্জেন্টাইন দৈনিক লা নাসিয়নের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিভার প্লেটের এই স্টেডিয়ামটি লিওনেল মেসির জন্য আবেগের জায়গা, কারণ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি তিনি এখানেই খেলেছিলেন। ম্যাচটি মাঠে গড়ালে তা হবে ইন্টার মায়ামির ইতিহাসে আর্জেন্টিনার মাটিতে প্রথম কোনো ম্যাচ। এছাড়া ক্লাব ফুটবলে রিভার প্লেটের বিপক্ষে এটি হবে মেসির দ্বিতীয় মুখোমুখি হওয়ার উপলক্ষ। এর আগে ২০১৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে বার্সেলোনার জার্সিতে রিভার প্লেটের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিলেন তিনি। তবে ম্যাচটির কিক-অফের সময়, টিকিট বিক্রির প্রক্রিয়া এবং সম্প্রচার সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। মায়ামি কিংবা রিভার প্লেট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। মায়ামির চূড়ান্ত প্রাক-মৌসুম স্কোয়াড ও সূচি ঘোষণা হলেই মেসি মাঠে নামবেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে। মায়ামির স্কোয়াডে থাকা আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলও এই সফরে দলের সঙ্গে থাকতে পারেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ৯:০৬:৩৭ ২৫ বার পঠিত #আর্জেন্টিনা #ইন্টার মায়ামি #প্রীতি ম্যাচ #ফুটবল #রিভার প্লেট #লিওনেল মেসি