স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫১ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ২৮৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৮ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
মৃত ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। অর্থাৎ ওই ৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫২৬ জন এবং নিশ্চিত হাম নিয়ে ৪৩ জন শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে উপসর্গ নিয়ে ১৬৭ জন ও নিশ্চিত হাম নিয়ে ২৫ জন শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা যথাক্রমে ১৮৩ ও ১। এ ছাড়া বরিশাল বিভাগে উপসর্গ নিয়ে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুরে ৩৩ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জনের। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৫৬ এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৩৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:৫৮ ৬ বার পঠিত #বাংলাদেশ #রোগ #স্বাস্থ্য #স্বাস্থ্য অধিদপ্তর #হাম