দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের দশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পৃথক দুই ধারায় ঢাকা বিশেষ জজ আদালত ৮ এর বিচারক নূরে আলম ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। এছাড়া তার ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মারিয়াম লাকি এতথ্য নিশ্চিত করেছেন।
রায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
Advertisement
অর্থদণ্ড হিসেবে আরোপিত ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন আদালত। দুই ধারায় দেওয়া কারাদণ্ড একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন কাজী জহিরুল ইসলাম মানিক। একই সঙ্গে তিনি ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ৬ মার্চ দুদকের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। গত ২৯ জুলাই মামলাটির চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৩ ৬ বার পঠিত #কাউন্সিলর #কারাদণ্ড #ডিএনসিসির #বছরের #মানিকের #সাবেক