
সাইবার নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের পাশাপাশি বিদেশি কূটনীতিকদেরও মতামত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী জানান, আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তবে মতপ্রকাশের স্বাধীনতা ও বাক্স্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভা থেকে পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন। পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। ইউএনডিপির সমন্বয়ে আয়োজিত এই পরামর্শ সভায় আগামী দিনে নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে। আইনের বিভিন্ন ধারায় যেসব আপত্তি রয়েছে, তা পর্যালোচনার জন্য অংশীজনদের আগামী এক সপ্তাহের মধ্যে লিখিত সুপারিশ জমা দিতে বলা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ উপধারা এবং বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে যুক্তিসংগত বিধিনিষেধের বিধান রয়েছে। সরকার এর বাইরে কিছু করছে না এবং করবেও না। কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষমতা প্রয়োগের বিষয়ে তিনি জানান, এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার আওতাধীন থাকবে। চূড়ান্ত খসড়া আসার পর এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এছাড়া আইনের অস্পষ্টতা দূর করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫০ ৪ বার পঠিত #আইন সংশোধন #আইনমন্ত্রী #কূটনীতিক #মতপ্রকাশের স্বাধীনতা #সাইবার নিরাপত্তা আইন