দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও বিস্তার বাড়াতে সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। নতুন এই আইনে পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নেট-মিটারিং সুবিধার মাধ্যমে গ্রাহক উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বিলের সঙ্গে সমন্বয় করতে পারবেন। আইনটি গত ১৯ অক্টোবর থেকে কার্যকর বলে গণ্য হবে।
- সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ওপেক্স (অপারেশনাল এক্সপেন্ডিচার) মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তবে নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে এমন প্রতিষ্ঠান ক্যাপেক্স মডেলেও প্রকল্প স্থাপন করতে পারবে।
- সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাসাবাড়ির ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন পতিত জমি এবং জলাশয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
- প্রকল্প বাস্তবায়নে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার ও উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।
- সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে (স্রেডা)।
- আইনে সৌরবিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি, চোরাই যন্ত্রাংশ কেনাবেচা এবং যন্ত্রাংশের ক্ষতিসাধনের অপরাধে সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠিত জাতীয় পলিসি কাউন্সিল এই কার্যক্রমের নীতিগত দিকনির্দেশনা দেবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে। এর আগে জারি করা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ রহিত করে নতুন আইনটি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২৮:৩২ ২ বার পঠিত #আইন #নেট-মিটারিং #বাংলাদেশ গেজেট #বিদ্যুৎ বিভাগ #সৌরবিদ্যুৎ #স্রেডা