কর্মসংস্থানমুখী ও যুগোপযোগী প্রজন্ম গড়ে তুলতে দেশের পুরো শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর তরুণেরা স্নাতক ডিগ্রি নিয়ে বের হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তাই শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা জরুরি, যেন তা বাস্তবিক অর্থেই কার্যকর ও ফলপ্রসূ হয়। ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং জাতীয় ও গণতান্ত্রিক আন্দোলনে এই বিদ্যাপীঠের অবদানের কথা স্মরণ করেন। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭:২৮:২৭ ২৪ বার পঠিত #কৃত্রিম বুদ্ধিমত্তা #ঢাকা কলেজ #রাষ্ট্রপতি #শিক্ষা #শিক্ষাব্যবস্থা