দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই উৎসবে তিনি ‘স্নো লেপার্ড’ পুরস্কার অর্জন করেন। এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের সামনে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ এই স্নো লেপার্ড পুরস্কার। এর আগে ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা এই সম্মাননা পেয়েছেন।
আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।
‘রইদ’ সিনেমার জন্য এটি তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে কানাডার ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১২তম আসরে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি একই স্বীকৃতি পেয়েছিলেন। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। সিনেমাটি ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টাইগার প্রতিযোগিতায় প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছিল। এছাড়া এটি সিয়াটল, ডানাং এবং ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩০:১৬ ৩৭ বার পঠিত #এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব #চলচ্চিত্র #নাজিফা তুষি #পুরস্কার #বিনোদন #রইদ