আদালতে মামলার জট কমাতে এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার সহজলভ্য করতে দেশের ৬৪টি জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সরকার এ অধিকার নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) অগ্রাধিকার দিয়েছে।
তিনি আরও বলেন, প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে। যোগ্য মধ্যস্থতাকারী এবং আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে হাজার হাজার নাগরিক মামলা-মোকদ্দমার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেবেন। বিশেষ করে পারিবারিক ও দেওয়ানি বিরোধের একটি উল্লেখযোগ্য অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব। আইনমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের সাফল্যকে স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপান্তর করতে মন্ত্রণালয় প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মধ্যে ‘অ্যাকসেস টু জাস্টিস’ প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪৭ ২৮ বার পঠিত #আইন মন্ত্রণালয় #আইনমন্ত্রী #জাইকা #প্রাক-মামলা মধ্যস্থতা #বিকল্প বিরোধ নিষ্পত্তি #বিচার ব্যবস্থা