কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে চীনের প্রযুক্তি খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রকে প্রযুক্তির লড়াইয়ে পেছনে ফেলার লক্ষ্য নিয়ে এআই খাতে বিপুল বিনিয়োগ করলেও, গত কয়েক মাসে চীনের তিনটি প্রধান প্রযুক্তি সূচকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি ডলার হ্রাস পেয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এআই কোম্পানিগুলোর অতিরিক্ত মূল্যায়ন, সরকারি সহায়তার ওপর নির্ভরশীলতা এবং যুক্তরাষ্ট্রের কঠোর প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ চীনের প্রযুক্তি বাজারের এই পতনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত জুনের শেষ দিক থেকে চীনের প্রযুক্তি খাতের তিনটি গুরুত্বপূর্ণ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর বাজারমূল্য থেকে বিপুল পরিমাণ অর্থ কমে গেছে। অথচ বছরের প্রথমার্ধে কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। বৈশ্বিক এআই বাজারে মন্দার প্রভাব চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বেশি পড়েছে। নিজস্ব চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। অ্যাবারডিন ইনভেস্টমেন্টসের চীনবিষয়ক ইকুইটি বিনিয়োগ পরিচালক বুশ চু জানান, চলতি বছরের শেয়ারবাজারের অস্বাভাবিক উত্থান-পতন এবং বছরের দ্বিতীয়ার্থে বড় ধরনের দরপতন বিনিয়োগকারীদের হতবাক করেছে। বর্তমানে হংকংয়ের হ্যাং সেং টেক সূচক দুই বছরের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। চিনেক্সট সূচক বছরজুড়ে প্রায় ৩১ শতাংশ লোকসানে রয়েছে এবং চিপনির্ভর স্টার ৫০ সূচকও আগের উত্থানের বড় অংশ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ কার্যকর হলে চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশের ডেটা সেন্টার ব্যবহার করে এনভিডিয়াসহ অন্যান্য কোম্পানির উন্নত প্রসেসর ভাড়া নিতে পারবে না, যা ভবিষ্যৎ প্রজন্মের শক্তিশালী এআই মডেল তৈরির সক্ষমতাকে আরও বাধাগ্রস্ত করবে। চিপ সংকটের প্রভাবে টেনসেন্ট তাদের পরবর্তী এইচওয়াই৪ মডেল প্রকাশে বিলম্ব এবং আলিবাবা তাদের ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীনের নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্পের জন্য নতুন সম্ভাবনাও তৈরি করতে পারে, যেখানে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনের (এসএমআইসি) মতো স্থানীয় কোম্পানিগুলো লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ৭:২২:০৮ ৯ বার পঠিত #অর্থনীতি #এআই #চীন #প্রযুক্তি #যুক্তরাষ্ট্র #শেয়ারবাজার #সেমিকন্ডাক্টর