রাজধানীর মোহাম্মদপুর থানার বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকারমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খায়ের উদ্দিন ভুঁইয়া। ওই আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির নিজের নাম-ঠিকানা প্রকাশ করেছেন। মামলার ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।
মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৭টা ৫৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিনরাস্তা এলাকায় নাশকতা তৈরির উদ্দেশ্যে আসামিরা একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির তেজগাঁও বিভাগ সেদিন রাত ৮টা ৫০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজন আসামিকে আটক করে, তবে অজ্ঞাতনামা অন্যরা পালিয়ে যায়।
এসময় আটক এক আসামির কাছ থেকে নীল পলিথিনের প্যাকেটে আনুমানিক ১৪০ গ্রাম হলুদ রঙের গন্ধকসদৃশ বস্তু জব্দ করা হয়, যা ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে মামলা দায়ের করে পুলিশ। এদিকে ডিবির তেজগাঁও জোনের একটি দল গত ২৩ নভেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৪ ৫ বার পঠিত #আইনের #আজিজুল #এমপি #কারাগারে #বিস্ফোরক #মামলায় #সাবেক