কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানের সপ্তম দফায় ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গত রোববার সন্ধ্যার পর থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, যেসব এলাকায় কিশোরদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব জায়গা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই চলমান অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৬৪৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:০০:৪৪ ৩ বার পঠিত #অপরাধ #কিশোর গ্যাং #কুমিল্লা #গ্রেফতার #পুলিশ অভিযান