প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি ও প্রভাব বিস্তারের বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষায় বড় হোঁচট লেগেছে। নিজেদের মাটিতে কোনো বিদেশি সামরিক ঘাঁটি করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তিতে সই করেছে সলোমন দ্বীপপুঞ্জ। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে দেশটিতে কৌশলগতভাবে পা রাখার চীনের সম্ভাবনা অনেকটাই সংকুচিত হলো। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুই দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ম্যাথিউ ওয়ালে চুক্তিতে সই করেন।
আট লাখের বেশি মানুষের বসবাস সলোমন দ্বীপপুঞ্জের প্রায় এক হাজার দ্বীপে। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে।
২০২২ সালে চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের একটি গোপন নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পর উদ্বেগ তৈরি হয়। পশ্চিমা বিশ্লেষকদের আশঙ্কা ছিল, এর সুযোগে চীনা যুদ্ধজাহাজ দেশটির বন্দরে নোঙর করতে পারে এবং ভবিষ্যতে সেখানে সামরিক ঘাঁটিও গড়ে তুলতে পারে। এমন ঘাঁটি স্থাপিত হলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক যোগাযোগ এবং নৌপথের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
নতুন চুক্তি অনুযায়ী, সলোমন দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিকীকরণ থেকে মুক্ত রাখা হবে।
দেশটির নিরাপত্তা সহযোগিতা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের সদস্যদের সঙ্গে সীমিত রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া দেশটির পুলিশ বাহিনীকে শক্তিশালী করা, নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সহযোগিতা সম্প্রসারণ করবে।
সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে বলেছেন, আঞ্চলিক অনিশ্চয়তার সময় শেষ হয়েছে। তবে ২০২২ সালে চীনের সঙ্গে করা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। চুক্তিতে গোপনীয়তার শর্ত রয়েছে বলে জানান তিনি।
অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের গবেষক কনর গ্রাহামের মতে, নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ওয়ালে বেইজিং ও ক্যানবেরাকে স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে সলোমন দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। ফলে নতুন চুক্তির কারণে বেইজিং অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় অস্ট্রেলিয়া গত দুই বছরে পাপুয়া নিউগিনি, ভানুয়াতু ও ফিজির সঙ্গেও নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে।
বাংলাদেশ সময়: ২১:০৯:৩৫ ৯ বার পঠিত #ক্যানবেরার #ঘাঁটির #দ্বীপপুঞ্জে #বেইজিংয়ের #রুদ্ধ #সঙ্গে #সলোমন #সামরিক