সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠকে যোগ দিতে বর্তমানে ভারত সফর করছেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। সফরকালে তিনি আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। তবে ভারত সরকার তাকে এসসিও বৈঠকের বাইরে অন্য কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। তাকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই সফরে তিনি কেবল এসসিও-সংক্রান্ত অনুষ্ঠানেই যোগ দিতে পারবেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানীতে এসসিও সভ্যতাগত সংলাপ ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। ২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এটিই কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর। তবে এই সফর ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলো পেহেলগাম হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের নীতি এবং পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৩ ২৭ বার পঠিত #এসসিও #কূটনীতি #তাজমহল #পাকিস্তান #ভারত #মুসাদিক মালিক