
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় পূর্বের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। নতুন কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। সভার আলোচনায় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধি ও ন্যায্য দাবি আদায়ে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শ্রমিক আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ৭:০২:০২ ১৫ বার পঠিত #আমান উল্লাহ আমান #কমিটি #বিএনপি #রাজনীতি #শামছুর রহমান শিমুল বিশ্বাস #শ্রমিক দল